ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সিঙ্গাপুরের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

সিঙ্গাপুরের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পরই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই কঠিন হয়ে গেছে লাল-সবুজের দলের জন্য। আজ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা শেখ মোরসালিনও দলের খেলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেননি। কোচ টমাস ডুলির কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে আলোচনা হয়েছে।তবে সেই ম্যাচের হতাশা পেছনে ফেলে এখন সিঙ্গাপুর ম্যাচ নিয়েই ভাবছে বাংলাদেশ। মালয়েশিয়া ম্যাচের পর দুই ভাগে অনুশীলন করেছে দল। মূল একাদশের খেলোয়াড়েরা বিশ্রামে থাকলেও কম সময় খেলা ফুটবলারদের নিয়ে হয়েছে নিবিড় অনুশীলন। মোরসালিনও জানিয়েছেন, পরাজয়ের ধারা ভেঙে জয়ে ফেরাই এখন দলের প্রধান লক্ষ্য।বাংলাদেশের মতো সিঙ্গাপুরও প্রথম ম্যাচে হেরেছে। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে দুই দলের কাছেই আজকের ম্যাচটি প্রথম পয়েন্ট ও জয়ের খাতা খোলার সুযোগ। টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণে ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সর্বশেষ দুই দেখাতেই সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ এবং অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারের সেই স্মৃতি এবার পেছনে ফেলতে চায় লাল-সবুজের দল। মালয়েশিয়ার বিপক্ষে হার ভুলে আজ জাকার্তায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। টুর্নামেন্টের পরের লড়াইয়ে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই গেলোরা বুং কার্নো স্টেডিয়ামের মাঠে আজ বাংলাদেশের সামনে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, টুর্নামেন্টে টিকে থাকারও বড় পরীক্ষা।