ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার কেড়ে নিতে না পারে কিংবা বাংলাদেশকে কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।শনিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। এ জন্য ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনাকে মনে-প্রাণে ধারণ করতে হবে।তিনি বলেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করেছিল। এ দিনটি দেশের ইতিহাসে শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।১৯৭৫ সালের নভেম্বরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ওই সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিল। ২ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দী করা হয়। দেশের স্বার্থবিরোধী সেই ষড়যন্ত্র সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছিল। এ কারণে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার প্রতীক হয়ে আছে।প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে তাদের পরাজয় ঘটেছিল।তিনি আরও বলেন, পরাজিত অপশক্তির ষড়যন্ত্র পরবর্তী সময়েও থেমে থাকেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মহাজোটের নামে তারা আবারও দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তির আবারও পরাজয় ঘটে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়।ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে হতাহত ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের তুলনা করে তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও একইভাবে সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল।তারেক রহমান বলেন, ইতিহাসে ৭ নভেম্বর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের দিন হিসেবে বিবেচিত। যখনই বাংলাদেশ এই পথরেখা থেকে বিচ্যুত হয়েছে, তখনই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তাঁর ভাষায়, ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা।জাতীয় পরিচয়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও দল-মতনির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে একই পরিচয়ে গর্বিত। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করে।তিনি বলেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য অটুট থাকবে। এ বিপ্লবের নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি যেমন দেশের স্বাধীনতা অর্জনের জন্য সম্মুখসমরে লড়াই করেছিলেন, তেমনি ৭ নভেম্বরও দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ সময় স্বাধীনতার ঘোষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।ইতিহাসচর্চার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি জাতির ইতিহাস শুধু অতীতের স্মৃতিচারণ নয়; শুদ্ধ ইতিহাস জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এবারের আয়োজনে হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী ইতিহাসভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরেছে। ইতিহাসসচেতন এই প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তরুণ প্রজন্মের ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, যে দেশের তরুণেরা জাতীয়তাবোধে অনুপ্রাণিত নয়, সে দেশের জাতীয় ঐক্য সুদৃঢ় হতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের তরুণেরা বাংলাদেশের স্বার্থে আপসহীন থাকার প্রমাণ দিয়েছে। সবার আগে বাংলাদেশ এটাই হওয়া উচিত সবার অঙ্গীকার।তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের গৌরব ধরে রাখা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব। বিশেষ করে তরুণদের একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। তরুণদের সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা গণতন্ত্র বিপন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হলেই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে। এ দিনের ঐতিহাসিক প্রেরণায় দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের স্লোগান হওয়া উচিত দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন। এ সময় সেনাপ্রধান, বিমানবাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ প্রধানের

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না।শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন রাশেদ প্রধান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য এবং দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান।বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সেদিন জনতার স্লোগান ছিল, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’। আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সেই চেতনায় আজও সবাইকে বলীয়ান হতে হবে।তিনি আরও বলেন, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, ৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা প্রতিহত করেছিলেন। তবে পরবর্তী সময়ে দেশের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে। তাঁর অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল।দেশবাসীকে সতর্ক করে জাগপা মুখপাত্র বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান মানুষের মধ্যে নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। তবে দেশকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র এখনো থেমে নেই। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের সহযোগীরা নতুন করে দেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে।রাশেদ প্রধান বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত এলে ৭ নভেম্বরের মতো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ প্রধানের

৭ নভেম্বর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে বিশেষ আয়োজন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিয়েছেন।অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

৭ নভেম্বর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে বিশেষ আয়োজন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটিও ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে। এতে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন বা পালনসংক্রান্ত জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দিবস পালনে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা পরিহার করতে হবে।পরিপত্র অনুযায়ী, কোনো সপ্তাহ পালনের অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে দাপ্তরিক কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।এ ছাড়া নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে দিবসগুলো একই তারিখে একসঙ্গে পালন করতে হবে।প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।পরিপত্রে দেওয়া সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটিও ঘোষণা