সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অর্থের অভাবে নিম্নআয়ের অনেক মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল
বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প
ও ওষুধ বিতরণ কর্মসূচিতে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। ঢাকা উত্তর সিটি
করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন
করা হয়।
সেলিম উদ্দিন বলেন, ‘পয়সা দিলে সব
ঠিক, পয়সা নাই তো
চিকিৎসা পাবেন না’—এমন পরিস্থিতি
থেকে মানুষকে বের করে আনতে
হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্ব
দেন তিনি।
তিনি বলেন, জামায়াতের
উদ্যোগে সারা বছর বিভিন্ন
স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প
আয়োজন করা হয়, যাতে
অসচ্ছল ও নিম্নআয়ের মানুষ
বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন।
দায়িত্ব পেলে ঢাকা উত্তর
সিটির হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয়
সরঞ্জাম নিশ্চিত করা এবং কম
খরচে সরকারি চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান
সেলিম উদ্দিন। হাসপাতালগুলোকে দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয়
চিকিৎসাসেবার আওতায় আনার কথাও বলেন
তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, ‘আমরা
আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই।’
উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের
মানুষকে বিদেশে যেতে না হয়,
সে ধরনের পরিবর্তন চিকিৎসাক্ষেত্রে আনার কথা জানান
তিনি।
চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে
কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন
তিনি। একই সঙ্গে ঢাকা
শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে
কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে
সঙ্গে নিয়ে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের
সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল
করিম ও উত্তরের সহকারী
সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৪
আসনের সংসদ সদস্য ব্যারিস্টার
মীর আহমেদ বিন কাসেম আরমান।
ড. মুহাম্মদ রেজাউল
করিম বলেন, ঢাকা উত্তর সিটির
উন্নয়ন ও আধুনিক নগরায়নে
মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বের বিকল্প নেই।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মিরপুর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা নেন।