ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন স্বাস্থ্য উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ তথ্য জানিয়েছেন।সোমবার সকালে পঞ্চগড় জেলা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত।ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মধ্যে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণ রয়েছে।যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝিপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও এ সহায়তার আওতায় রাখা হয়েছে।মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সহায়তা অব্যাহত রেখেছে। এসব সহায়তার মূল লক্ষ্য সংক্রামক রোগ ও তা প্রতিরোধ করা হলেও মাতৃ ও শিশুস্বাস্থ্য খাতেও কিছু সহায়তা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে এ সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবন এগিয়ে নিতে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও এটি সহায়ক হবে। মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর আমন্ত্রণে দুপুরের খাবারেও অংশ নেন রাষ্ট্রদূত।এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৪ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় ৫ হাজার মানুষ

অর্থের অভাবে সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না নিম্নআয়ের অনেক মানুষ। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তির সমস্যায় ভুগলেও চিকিৎসার খরচ জোগাতে না পারায় দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাঁদের। এমন সুবিধাবঞ্চিত মানুষের জন্য বগুড়ায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প।শুক্রবার বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেন। সেখানে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হয়।আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পটি বাস্তবায়ন করে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।সকাল থেকেই রোগীরা ক্যাম্পে আসতে শুরু করেন। শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নেন। চিকিৎসকেরা চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন এবং পরামর্শ অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করা হয়।ক্যাম্পে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত প্রায় ৫০০ জনকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে লেন্সসহ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আহমেদ তাহের হামিদ আলী। তাঁরা চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।আয়োজকেরা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক মানুষ চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি আক্রান্ত নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় ৫ হাজার মানুষ

দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নরসিংদীর দুই নেতা

শিল্প ও কৃষিতে সমৃদ্ধ নরসিংদী। রাজধানীর ঘেঁষা এই জেলায় রয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প, বিস্তীর্ণ কৃষি অঞ্চল ও ঘনবসতিপূর্ণ জনপদ। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলায় যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের নানা প্রত্যাশা রয়েছে মানুষের।এরই মধ্যে নরসিংদীর দুই নেতা সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আর গত ২১ আগস্ট মন্ত্রিসভার সর্বশেষ রদবদলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন ড. আবদুল মঈন খান।বিএনপি সরকার গঠনের সময়ই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। অন্যদিকে, মন্ত্রিসভার সর্বশেষ রদবদলে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসনের নেতা। এ আসনের মধ্যে রয়েছে পলাশ উপজেলা। অন্যদিকে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ আসনের নেতা, যে আসনটি মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে গঠিত।একই জেলার দুই সংসদীয় এলাকার দুই নেতা সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় স্থানীয়দের প্রত্যাশাও বেড়েছে। বিশেষ করে রায়পুরার চরাঞ্চলসহ জেলার প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো ও জনসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ চান তাঁরা।স্থানীয়দের প্রত্যাশা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সুযোগ কাজে লাগিয়ে জেলার উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আনা সম্ভব হবে। পাশাপাশি প্রান্তিক এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার ঘাটতিও কমবে।স্বাস্থ্য খাত নিয়েও রয়েছে স্থানীয়দের নানা প্রত্যাশা। জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক ও জনবল সংকট দূর করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর দাবি রয়েছে তাঁদের। এতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।উন্নয়নসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নরসিংদীর দুই নেতা থাকায় জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো থেকে স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান- দীর্ঘদিনের এসব প্রত্যাশা পূরণে এখন দুই মন্ত্রীর কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন জেলাবাসী।  

দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নরসিংদীর দুই নেতা

চট্টগ্রামে চালু হচ্ছে পেট সিটি স্ক্যান, কমবে ক্যানসার রোগীদের ঢাকামুখী ভোগান্তি

ক্যানসার রোগীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাশে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (ইনমাস) চালু হচ্ছে আধুনিক পেট সিটি স্ক্যানের সুবিধা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষা চালু হতে পারে।এতদিন চট্টগ্রামে পেট সিটি স্ক্যানের সুবিধা না থাকায় ক্যানসার রোগীদের পরীক্ষা করাতে ঢাকায় যেতে হতো। এতে পরীক্ষার খরচের পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া ও অসুস্থ রোগীকে নিয়ে চলাচলের বাড়তি ব্যয় বহন করতে হতো স্বজনদের।চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ক্যানসার রোগীর সংখ্যা প্রায় চার লাখ। প্রতিদিন গড়ে ১২০ জনের মতো ক্যানসার রোগী চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আসেন।চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বর্তমানে বেসরকারিভাবে পেট সিটি স্ক্যান করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা চালু হলে খরচ অর্ধেকেরও কম হতে পারে।ইনমাসে পেট সিটি স্ক্যানের পাশাপাশি স্থাপন করা হচ্ছে সাইক্লোট্রন মেশিন। এতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় রেডিও আইসোটোপ উৎপাদন করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে এসেছে এবং স্থাপন ও সংযোজনের কাজ চলছে। জনবল নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।পেট সিটি স্ক্যানের মাধ্যমে শরীরে ক্যানসারের অবস্থান, অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার মাত্রা এবং চিকিৎসায় রোগী কতটা সাড়া দিচ্ছেন, তা মূল্যায়ন করা যায়। ক্যানসারের সক্রিয়তা শনাক্ত করতেও এ পরীক্ষা গুরুত্বপূর্ণ।ইনমাস চট্টগ্রামের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টাচার্য বলেন, সাইক্লোট্রনসহ পেট সিটি ল্যাব স্থাপনের কাজ চলছে। যন্ত্রপাতি স্থাপন ও অন্যান্য কাজ শেষ হলেই পরীক্ষা শুরু করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সুবিধা স্থাপনে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রায় ১০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় ছয়তলা ভবন, মলিকুলার ল্যাব, সাইক্লোট্রন ও পেট সিটি মেশিন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রামে চালু হচ্ছে পেট সিটি স্ক্যান, কমবে ক্যানসার রোগীদের ঢাকামুখী ভোগান্তি

ক্যানসার চিকিৎসায় আশার আলো

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ব্যক্তিগতকৃত এমআরএনএ ভ্যাকসিন। মের্ক ও মডার্নার যৌথভাবে তৈরি এই ভ্যাকসিন মেলানোমা রোগীদের অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।এক হাজারের বেশি মেলানোমা রোগীকে নিয়ে বড় পরিসরের গবেষণায় অস্ত্রোপচারের পর রোগীদের ছয় সপ্তাহ পরপর সর্বোচ্চ নয়টি ডোজ ব্যক্তিগতকৃত ভ্যাকসিনের পাশাপাশি মের্কের ইমিউনোথেরাপি ওষুধ কিট্রুডা দেওয়া হয়।গবেষণার পাঁচ বছরের তথ্য অনুযায়ী, শুধু কিট্রুডার তুলনায় ভ্যাকসিন যুক্ত করলে ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় ৫০ শতাংশ এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি প্রায় ৫৯ শতাংশ কমেছে।এই ভ্যাকসিন রোগীর টিউমারে থাকা নির্দিষ্ট জেনেটিক পরিবর্তন শনাক্ত করে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে। ফলে ক্যানসার কোষকে লক্ষ্য করে আক্রমণ করার সুযোগ তৈরি হয়।গবেষকদের দাবি, কিট্রুডার সঙ্গে ভ্যাকসিন ব্যবহারে নতুন কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিনের ক্ষেত্রে ফ্লু বা কোভিড টিকার পর দেখা দেওয়া হালকা উপসর্গের মতো প্রতিক্রিয়াই প্রধানত দেখা গেছে।মেলানোমার পাশাপাশি ফুসফুস, মূত্রথলি, কিডনি, অগ্ন্যাশয় ও পাকস্থলীর ক্যানসার নিয়েও এই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। রোশ ও বায়োএনটেকও কোলন ও অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় এমআরএনএ ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে।বিশেষজ্ঞদের মতে, মেলানোমার এই ফলাফল ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনের গবেষণাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্যানসার চিকিৎসায় আশার আলো

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সেলিম উদ্দিনের

সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অর্থের অভাবে নিম্নআয়ের অনেক মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সেলিম উদ্দিন বলেন, ‘পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই তো চিকিৎসা পাবেন না’—এমন পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনতে হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।তিনি বলেন, জামায়াতের উদ্যোগে সারা বছর বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যাতে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন।দায়িত্ব পেলে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা এবং কম খরচে সরকারি চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সেলিম উদ্দিন। হাসপাতালগুলোকে দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার কথাও বলেন তিনি।সেলিম উদ্দিন আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই।’ উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের মানুষকে বিদেশে যেতে না হয়, সে ধরনের পরিবর্তন চিকিৎসাক্ষেত্রে আনার কথা জানান তিনি।চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ঢাকা উত্তর সিটির উন্নয়ন ও আধুনিক নগরায়নে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বের বিকল্প নেই।দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মিরপুর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা নেন।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সেলিম উদ্দিনের

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।১৫ তলা ভবনটির নিচের তিন তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে।নতুন ভবনে রয়েছে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন। এর মাধ্যমে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।হাসপাতালের চিকিৎসকেরা জানান, এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন স্ট্রোকে আক্রান্ত রোগী। এরপর রয়েছে দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরা।এ ছাড়া পার্কিনসন্স, ডিমেনশিয়া, গিলেন-বারে সিনড্রোম (জিবিএস), মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা দেওয়া হয়।শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী রোগীর নিউরোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে।

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হলো ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’। অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শুরু থেকেই মানুষকে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব।এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস এডিসনের একটি বক্তব্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ শুধু ওষুধ দেওয়া নয়; রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করাও চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ—এমন ধারণা এডিসনের বক্তব্যে পাওয়া যায়।তারেক রহমান বলেন, এই চিন্তার সঙ্গে সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির মিল রয়েছে। রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সহযোগিতা করবেন।তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।জ্বালানি খাতের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়ান।অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

পেটের ডান পাশে ব্যথা, হতে পারে পিত্তথলির পাথরের লক্ষণ

পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা, ওষুধ খেয়েও না কমা-অনেকেই এটিকে গ্যাসের সমস্যা মনে করেন। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, এর কারণ হতে পারে পিত্তথলির পাথর। বিশ্বজুড়ে পরিপাকতন্ত্রের সাধারণ রোগগুলোর একটি হলো পিত্তথলিতে পাথর হওয়া।চিকিৎসকদের মতে, অনেকের ক্ষেত্রে পিত্তথলির পাথর থাকলেও দীর্ঘদিন কোনো উপসর্গ দেখা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে এটি তীব্র ব্যথা, সংক্রমণ, জন্ডিস ও প্রদাহের মতো জটিলতা তৈরি করতে পারে।পিত্তথলি ও পাথর কীভাবে তৈরি হয়যকৃতের নিচে থাকা ছোট থলির মতো অঙ্গ হলো পিত্তথলি। এর প্রধান কাজ হলো যকৃত থেকে তৈরি হওয়া পিত্তরস সংরক্ষণ করা।পিত্তরসে থাকা কোলেস্টেরল, পিত্ত লবণ ও বিলিরুবিনের ভারসাম্য নষ্ট হলে ছোট স্ফটিক তৈরি হয়। সময়ের সঙ্গে এগুলো বড় হয়ে পাথরে পরিণত হতে পারে।পিত্তথলির পাথর সাধারণত তিন ধরনের হয়- কোলেস্টেরল পাথর: সবচেয়ে বেশি দেখা যায়, প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে। পিগমেন্ট পাথর: বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তৈরি হয়। মিশ্র পাথর: কোলেস্টেরল, ক্যালসিয়াম ও বিলিরুবিনের সমন্বয়ে তৈরি। কারা বেশি ঝুঁকিতেচিকিৎসকেরা পিত্তপাথরের ঝুঁকি বোঝাতে ‘৫এফ’ সূত্রের কথা বলেন— নারী ৪০ বছরের বেশি বয়স অতিরিক্ত ওজন গর্ভধারণের সক্ষমতা রয়েছে এমন নারী কিছু নির্দিষ্ট জনগোষ্ঠী এ ছাড়া স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, দ্রুত ওজন কমানো, দীর্ঘ সময় না খেয়ে থাকা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, পারিবারিক ইতিহাস ও যকৃতের কিছু রোগেও ঝুঁকি বাড়ে।কী কী লক্ষণ দেখা যায়অনেক সময় আলট্রাসাউন্ড পরীক্ষার সময় হঠাৎ পিত্তথলির পাথর ধরা পড়ে। তবে উপসর্গ দেখা দিলে সাধারণত- পেটের ডান দিকে তীব্র ব্যথা ব্যথা কাঁধ বা পিঠে ছড়িয়ে পড়া চর্বিযুক্ত খাবারের পর ব্যথা বাড়া বমি, বদহজম ও পেট ফাঁপা গুরুতর অবস্থায় জ্বর, কাঁপুনি, চোখ ও শরীর হলুদ হওয়া, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল এবং দীর্ঘস্থায়ী তীব্র ব্যথা দেখা দিতে পারে।রোগ নির্ণয় ও চিকিৎসাপিত্তথলির পাথর শনাক্ত করতে সবচেয়ে সহজ ও কার্যকর পরীক্ষা হলো আলট্রাসাউন্ড। প্রয়োজনে রক্ত পরীক্ষা, এমআরসিপি, সিটি স্ক্যান বা ইআরসিপিও করা হতে পারে।যাদের কোনো উপসর্গ নেই, অনেক ক্ষেত্রে তাদের শুধু চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়। তবে বারবার ব্যথা বা জটিলতা দেখা দিলে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।বর্তমানে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি পিত্তথলির পাথরের অন্যতম কার্যকর চিকিৎসা। এতে ছোট ছেদ, কম ব্যথা, কম রক্তপাত এবং দ্রুত সুস্থ হওয়ার সুবিধা রয়েছে।চিকিৎসায় দেরি হলে কী হতে পারেসময়মতো চিকিৎসা না করলে পিত্তথলিতে প্রদাহ, সংক্রমণ, ফোঁড়া, পিত্তনালীতে বাধা, জন্ডিস, অগ্ন্যাশয়ের প্রদাহসহ নানা জটিলতা দেখা দিতে পারে।প্রতিরোধে করণীয়পিত্তপাথরের ঝুঁকি কমাতে- স্বাস্থ্যকর ওজন বজায় রাখা নিয়মিত ৩০–৪৫ মিনিট ব্যায়াম করা ফল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত ভাজা খাবার, ট্রান্স ফ্যাট ও চিনি কমানো পর্যাপ্ত পানি পান করা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বিশেষজ্ঞরা বলছেন, পেটের ওপরের ডান দিকে বারবার ব্যথা হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে আলট্রাসাউন্ড করানো উচিত।সূত্র: চিকিৎসক রচিত স্বাস্থ্য সচেতনতামূলক নিবন্ধ।

পেটের ডান পাশে ব্যথা, হতে পারে পিত্তথলির পাথরের লক্ষণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্যসেবা: বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো- রোগ জটিল আকার ধারণ করার আগেই স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করার সক্ষমতার সীমাবদ্ধতা। দেশের অধিকাংশ মানুষ অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসকের শরণাপন্ন হন। এর ফলে একদিকে চিকিৎসার ব্যয় বেড়ে যায়, অন্যদিকে হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর চাপও ক্রমাগত বাড়তে থাকে।একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হওয়া উচিত প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার অবকাঠামো থাকলেও উন্নত চিকিৎসার আশায় এখনো বিপুলসংখ্যক মানুষ বড় শহরের হাসপাতালমুখী হন।এ বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার (আইজিপি) মডেলের মতো উদ্যোগ দেখিয়েছে, কীভাবে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব।এই মডেলের মূল দর্শন হলো-রোগ হওয়ার পর চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া। একজন মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। এতে রোগী সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা পাবেন, একই সঙ্গে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপও কমবে।বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা এখন দ্রুত তথ্যনির্ভর ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। আগে চিকিৎসকের সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করত রোগীর বর্ণনা ও চিকিৎসকের অভিজ্ঞতার ওপর। এখন রোগীর আগের স্বাস্থ্যতথ্য, পরীক্ষার ফলাফল ও জীবনযাপনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। এই পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এআইভিত্তিক কমিউনিটি স্বাস্থ্যসেবা বিশেষ ভূমিকা রাখতে পারে। এখনো দেশের একটি বড় জনগোষ্ঠীর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সহজে পৌঁছানোর সুযোগ নেই। প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা যদি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, তাহলে স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য অনেকটাই কমানো সম্ভব।আইজিপি মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ততা। বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় নারী স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাঁদের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো গেলে তাঁরা আরও দক্ষতার সঙ্গে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবেন।তবে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে। প্রথমত, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো অপরিহার্য। প্রত্যন্ত অঞ্চলে নির্ভরযোগ্য ইন্টারনেট, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম নিশ্চিত করা না গেলে এ ধরনের উদ্যোগের সুফল সীমিত থাকবে।দ্বিতীয়ত, স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল। তাই ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ, ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।তৃতীয়ত, এআইভিত্তিক স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা তৈরি করা জরুরি। এখনো অনেকের মধ্যে প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিয়ে সংশয় রয়েছে। তাই জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য।একটি বিষয় স্পষ্টভাবে বলা প্রয়োজন-কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই চিকিৎসকের বিকল্প নয়। চিকিৎসা একটি মানবিক পেশা, যেখানে রোগীর শারীরিক অবস্থার পাশাপাশি তাঁর মানসিক চাহিদা ও সামাজিক বাস্তবতাও বিবেচনায় নিতে হয়। এআই মূলত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহায়ক হিসেবে কাজ করবে, যাতে তাঁরা আরও দ্রুত, তথ্যভিত্তিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন।বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি রোগের বিস্তার স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় শুধু হাসপাতালের সংখ্যা বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। প্রয়োজন এমন একটি স্বাস্থ্যব্যবস্থা, যেখানে মানুষ গুরুতর অসুস্থ হওয়ার আগেই নিজের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে পারবেন।এই পরিবর্তন বাস্তবায়নে সরকার, বেসরকারি খাত, প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরীক্ষিত ডিজিটাল স্বাস্থ্যসেবা মডেলগুলো ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের জন্য আরও বেশি গুরুত্ব দিতে হবে।বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে মানুষের কল্যাণে আমরা প্রযুক্তিকে কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারি তার ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অলৌকিক সমাধান নয়, তবে এটি একটি শক্তিশালী সহায়ক প্রযুক্তি। যথাযথ পরিকল্পনা, জবাবদিহি এবং মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে এআইভিত্তিক স্বাস্থ্যসেবা বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে প্রযুক্তি হবে একটি কার্যকর সহায়ক। আর সেই সম্ভাবনাকে দায়িত্বশীলভাবে কাজে লাগানোই এখন আমাদের অন্যতম বড় দায়িত্ব।  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্যসেবা: বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা