ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইয়েমেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইয়েমেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইয়েমেনের এডেন অঞ্চলে সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুম লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি।টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইয়াহইয়া সারি বলেন, এডেনের আল-বুরাইকা এলাকায় অবস্থিত সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেন্দ্রটি লাহিজ, আল-দালি, তাইজসহ ইয়েমেনের বিভিন্ন গভর্নরেটের যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক বাহিনীর সহায়তা কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল।এদিকে হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই মিলিশিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের অভ্যাসের প্রতিফলন এ হামলা।মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকারঅন্যদিকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তবে সৌদি আরবের ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও ভূপাতিত করার দাবি করে তারা।তবে হুথিদের দাবি করা হামলাগুলোর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সূত্র: মিডল ইস্ট আই

ইরাকে ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রে আগুন, বিদ্যুৎ উৎপাদন কমল ২৮০০ মেগাওয়াট

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে গেছে।রোববার গভীর রাতে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে এ হামলা হয়। হামলার পর দেশটির জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের মধ্যে এ ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।হামলার সঙ্গে কারা জড়িত, তা অনুসন্ধানে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কেআরজি কর্তৃপক্ষের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে খোর মোর গ্যাসক্ষেত্রে একাধিক হামলার পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত।ইরাকের সার্বভৌমত্বের জন্য বড় পরীক্ষাখোর মোর গ্যাসক্ষেত্রে হামলাকে ইরাকের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সদস্য ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ আমেরের মতে, এ হামলা শুধু জ্বালানি অবকাঠামোর ওপর আঘাত নয়; বরং নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সক্ষমতারও পরীক্ষা।আলজাজিরাকে তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কুর্দি অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে বারবার হামলার ঘটনায় এর পেছনে থাকা ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। যেসব এলাকা থেকে হামলা চালানো হচ্ছে, সেসব এলাকার দায়িত্বশীল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমের আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে।তিনি বলেন, এসব হামলার অন্যতম লক্ষ্য ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে খোর মোর গ্যাসক্ষেত্রে আগেও একাধিকবার হামলা হয়েছে। কিছু সশস্ত্র গোষ্ঠী ইরাক রাষ্ট্রের পরিবর্তে ইরানের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে। এতে দেশের ভূখণ্ডে সরকারের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।কুর্দি রাজনীতিতে বিভক্তি, বাড়ছে নিরাপত্তা সংকটগ্যাসক্ষেত্রে হামলার কয়েক দিন আগেই কুর্দিস্তানের অন্যতম রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) কেআরজি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়। এর ফলে প্রতিদ্বন্দ্বী কেডিপির সঙ্গে দলটির রাজনৈতিক বিরোধ আরও গভীর হয়েছে।কৌশলগত বিষয়ক গবেষক কাজিম ইয়াওয়ার মনে করেন, খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার সঙ্গে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার যোগসূত্র রয়েছে। তাঁর আশঙ্কা, আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হতে পারে।ইয়াওয়ারের মতে, এ হামলার কৌশলগত উদ্দেশ্যের মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনা বাড়ানো এবং কুর্দি অঞ্চলসহ ইরাকের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা।তিনি আরও বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগের বিরোধিতা এবং কেডিপি ও পিইউকের মধ্যে রাজনৈতিক বিভক্তি অঞ্চলটির অর্থনৈতিক চাপ বাড়াতে পারে। এ পরিস্থিতিতে খোর মোর গ্যাসক্ষেত্রের গুরুত্ব আরও বাড়বে। কারণ, কেআরজি গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখছে।ইয়াওয়ারের মতে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহার দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সংসদ সদস্যসহ কয়েকটি রাজনৈতিক শক্তি সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করার পক্ষে না থাকায় এসব গোষ্ঠী আরও স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে।হামলার উৎস নিয়ে যা জানা যাচ্ছেরাজনৈতিক গবেষক গানেম আল-আবেদও হামলার সময়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। তাঁর মতে, কেডিপি ও পিইউকের মধ্যে রাজনৈতিক বিরোধ যখন বাড়ছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি গোষ্ঠীর মতবিরোধ তৈরি হয়েছে, ঠিক সেই সময়েই খোর মোর গ্যাসক্ষেত্রে হামলা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু এলাকা থেকে চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাটি উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের বাইরে অবস্থিত। তবে হামলার প্রকৃত উৎস কিংবা কারা এটি চালিয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।আল-আবেদ হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, খোর মোর গ্যাসক্ষেত্রে আরও হামলা হলে এর অর্থনৈতিক প্রভাব কেআরজি নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ, প্রতিবেশী কিরকুক ও নিনেভেহ প্রদেশের বিদ্যুৎ উৎপাদনেও এ গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে চাওয়া গোষ্ঠীগুলোর পরিচয় প্রকাশ করে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কিছু সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানানোয় দেশটির পরিস্থিতি যেকোনো সময় আরও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে।ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ইরাকও জড়িয়ে পড়ার আশঙ্কাআল-আবেদের আশঙ্কা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার যুদ্ধ শুরু হলে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে ইরাক নিজেই নতুন করে যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।সব মিলিয়ে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা ইরাকের জ্বালানি নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ইরাকে ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রে আগুন, বিদ্যুৎ উৎপাদন কমল ২৮০০ মেগাওয়াট

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার এসব হামলার ঘটনা ঘটে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হন। আহত হন আরও দুজন।বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তিদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।অন্যদিকে, বুধবার দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে এ তথ্য প্রকাশ করা হয়।এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।এর আগে বুধবার জোটটি দাবি করেছিল, সৌদি আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোনের মধ্যে মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল। মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ অবস্থিত।জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়। পরে পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করার কথাও জানান তিনি।বুধবার সন্ধ্যায় জোটটি আরও জানায়, হুথিদের ছোড়া ষষ্ঠ ড্রোনটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। সপ্তম ড্রোনটি ছোড়া হয়েছিল দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে। জোটের দাবি, ড্রোন দুটি প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

ছয় সপ্তাহে ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন হামলার ঘাঁটি গড়ল রাশিয়া

মাত্র ছয় সপ্তাহে ইউক্রেনের কাছাকাছি একটি বড় ড্রোন হামলার ঘাঁটি নির্মাণ প্রায় শেষ করেছে রাশিয়া। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের মিলেরোভোর কাছে নির্মাণাধীন ঘাঁটিটি ৩১ আগস্ট পর্যন্ত ছিল ফাঁকা মাঠ। বুধবারের স্যাটেলাইট চিত্রে সেখানে প্রায় ১২৬টি ফুটবল মাঠের সমান আয়তনের একটি বড় স্থাপনা দেখা গেছে। প্ল্যানেট ল্যাবস ও এয়ারবাসের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে রয়টার্স।ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার সক্ষমতা বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই ঘাঁটিকে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ওপর জেটচালিত আক্রমণকারী ড্রোনের ব্যবহার বাড়িয়েছে মস্কো। এসব ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। তুলনামূলক বেশি গতির কারণে ড্রোনগুলোকে প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন।পূর্ণমাত্রার যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে আসন্ন শীতকালে রাশিয়া জেটচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ।প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনিক বলেন, অল্প সময়ে ঘাঁটি নির্মাণের এই গতি দেখাচ্ছে, রাশিয়া এখন প্রতিষ্ঠিত আক্রমণ সক্ষমতা দ্রুত কাজে লাগাতে পারছে। তাঁর মূল্যায়ন, স্থাপনাটির নির্মাণকাজ প্রায় শেষ। কয়েক সপ্তাহের মধ্যে, এমনকি তারও আগে এটি পুরোপুরি কার্যকর হতে পারে।ন্যাটোর জন্যও বাড়ছে উদ্বেগরাশিয়ার নতুন ঘাঁটি নির্মাণের সময়েই দেশটির সঙ্গে ন্যাটো সামরিক জোটের সম্পর্কের আরও অবনতি ঘটছে।ইউরোপের বিভিন্ন সরকার মস্কোর বিরুদ্ধে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলা বাড়ানোর অভিযোগ করেছে। অন্যদিকে, গত মাসে রাশিয়া সতর্ক করে বলেছে, ন্যাটো তাদের কালিনিনগ্রাদ ছিটমহল বিচ্ছিন্ন করার চেষ্টা করলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।মনিকের মতে, জেটচালিত ড্রোনের শিল্পভিত্তিক উৎপাদন, এসব অস্ত্রের ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নতি এবং ন্যাটোভুক্ত অনেক দেশে কার্যকর ও পূর্ণাঙ্গ ড্রোন প্রতিরোধব্যবস্থার ঘাটতি পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।সূত্র: রয়টার্স

ছয় সপ্তাহে ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন হামলার ঘাঁটি গড়ল রাশিয়া

ইয়েমেনে ৪৮ ঘণ্টায় ২০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ প্রদেশে সংঘর্ষ ও ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আল আরাবিয়া।প্রতিবেদন অনুযায়ী, নিহতদের অধিকাংশ হুথিদের আল-সামাদ ব্রিগেডের সদস্য।এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে হুথিরা বলে জানিয়েছে ইয়েমেনের স্বাধীন সংবাদমাধ্যম ইয়েমেন ফিউচার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ শহরের পশ্চিমে আল-বারহ ফ্রন্টে নতুন করে সেনা ও যোদ্ধা পাঠিয়েছে হুথিরা।নতুন করে পাঠানো সদস্যদের মধ্যে হুথিদের বিশেষ বাহিনী, কমান্ডো এবং সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারাও রয়েছেন বলে জানা গেছে।হুথিরা আরও যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছে বলেও বিভিন্ন সূত্রের বরাতে খবর পাওয়া গেছে। সানার সূত্রগুলো জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত এলাকার কয়েকটি কারাগার থেকে শত শত বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে গোষ্ঠীটি। বিনিময়ে তাঁদের যুদ্ধে যোগ দেওয়ার শর্ত দেওয়া হচ্ছে।সূত্রের তথ্য অনুযায়ী, সাদা, হাজ্জাহ ও সানা প্রদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ৮৫০ বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অপরাধ ও মাদকসংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন। পাশাপাশি দামার প্রদেশে আরও প্রায় ১ হাজার ৪০০ বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।মুক্তি পাওয়া ব্যক্তিদের যুদ্ধে যোগ দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এর বিনিময়ে তাঁদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার অথবা আইনি অবস্থান নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।কিছু বন্দিকে আনুষ্ঠানিকভাবে হুথি বাহিনীতে নিয়োগ ও আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এমনকি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কারাগারে থাকা কয়েকজনের দেনা পরিশোধের বিনিময়ে তাঁদের যুদ্ধে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।সূত্র: আল আরাবিয়া

ইয়েমেনে ৪৮ ঘণ্টায় ২০০ হুথি যোদ্ধা নিহত