রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিএমপির
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার
মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত রাতে রাজধানীর
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার
করা হয়েছে।
ডিএমপি জানায়,
এর আগে গুলশানে নিষিদ্ধ
সংগঠনের মিছিলে সরাসরি ৪০ জনকে গ্রেপ্তার
করা হয়েছিল। পরে রাজধানীর বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে আরও ৩২ জনকে
গ্রেপ্তার করা হয়। সব
মিলিয়ে ১২ সেপ্টেম্বর ৪০
জন এবং ১৩ সেপ্টেম্বর
৩২ জনসহ মোট ৭২
জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
এর আগে
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী মিছিল
করার চেষ্টা করেন। এ সময় দুটি
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে
মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই
রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা
যায়, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান
দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার
বুলেট ছুড়ছে।
মামলায় ১১৮
জনের
নাম
ঘটনার পর
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন
সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা
করেন। মামলায় ১১৮ জনের নাম
উল্লেখ করা হয়েছে। এ
ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০
থেকে ১০০ জনকে।
মামলার এজাহারে
বলা হয়েছে, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেলের
বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ
করতে গেলে পুলিশকে লক্ষ্য
করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি
নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল
উদ্ধার করা হয়েছে বলেও
এজাহারে উল্লেখ করা হয়।
এই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শনিবার ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।