ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সংবিধান সংশোধন কমিটি থেকে বিএনপির মাহমুদুল হক রুবেল বাদ, যুক্ত হলেন স্বতন্ত্র এমপি সালমান ওমর

সংবিধান সংশোধন কমিটি থেকে বিএনপির মাহমুদুল হক রুবেল বাদ, যুক্ত হলেন স্বতন্ত্র এমপি সালমান ওমর

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করেছে জাতীয় সংসদ। এ কমিটি থেকে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।বুধবার জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ বলেন, বিরোধী দলের যেসব সদস্যের এই কমিটিতে থাকার কথা ছিল, তাঁদের প্রতি আহ্বান সব সময়ই থাকবে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাঁদের জন্য দরজা খোলা থাকবে। বিরোধী দলের সদস্যরা চাইলে তাঁদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।১২ সদস্যের এই বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগে কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। পুনর্গঠনের মাধ্যমে দলটির একজন সদস্যের পরিবর্তে স্বতন্ত্র একজন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।আরও তিনটি সংসদীয় কমিটিতে পরিবর্তনসংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির পাশাপাশি আরও তিনটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে সদস্য করা হয়েছে।খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন মোসলেহউদ্দিন ফরিদ। এ কারণে তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির, একদলীয় কমিটি বাতিলের আহ্বান

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি জানিয়েছে, সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তারা অংশ নেবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।শনিবার রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।দলটির দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং ওই একদলীয় কমিটিতে এনসিপির অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানানো।সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের একটি রূপরেখা তৈরি হয়েছিল।কিন্তু সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এটি গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা এবং সংস্কার নস্যাৎ করার চক্রান্ত।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির, একদলীয় কমিটি বাতিলের আহ্বান

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সংবিধানে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার বিকেলে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও তাঁদের সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধাদের সুরক্ষায় করা আইনটি ইতিমধ্যে অধ্যাদেশ থেকে আইনে পরিণত করা হয়েছে। এর বৈধতা রয়েছে। তবে তাঁদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তফসিলে নির্দিষ্ট জায়গায় বিষয়টি যুক্ত করে জুলাইযোদ্ধাদের সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করার কথা বলা হয়েছে।বিচারপ্রক্রিয়া দ্রুত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং দায়ী, তাঁদের বিচার দ্রুত করার প্রস্তাব এসেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তাঁর সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারও দ্রুত করার কথা বলা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের আদালতে চলমান মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সরকার আন্তরিক। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সংবিধানে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো গণভোট, জানুয়ারিতে সংবিধান সংশোধন

সংবিধানে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে আগামী বছরের শুরুতে সংশোধনী বিল পাস করার পরিকল্পনা করছে সরকার। এরপরই এ বিষয়ে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় বৈঠকে এ অবস্থানের কথা জানানো হয়। বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়ে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে মতামত দেন। দুপুর আড়াইটায় শুরু হয়ে বৈঠকটি বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।বৈঠক শেষে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধনের পর আবারও গণভোট আয়োজনের কথা জানিয়েছে বিশেষ কমিটি। কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে গণভোটের বিধান রয়েছে। এবার যেহেতু মৌলিক পরিবর্তন আনা হবে, তাই আবারও গণভোট হবে। এটি সাংবিধানিক গণভোট।বিশেষ কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাস করার আশা করা হচ্ছে। এ লক্ষ্যেই বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে বিলটি চূড়ান্ত করার কাজ চলছে।বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিরোধী দলকে আস্থায় নিয়ে কমিটির বৈঠকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।মুস্তাফিজ শফি জানান, সাংবাদিকদের এ আহ্বানের পরিপ্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলকে বৈঠকে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে তারা কমিটির বৈঠকে অংশ নিয়ে মতামত না দিলেও সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপিত হলে আলোচনায় অংশ নেবে বলে আশা করছে কমিটি।তিনি বলেন, বৈঠকে প্রায় ৫০ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত ছিলেন। শুরুতে কমিটির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন। সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সংবিধান সংশোধনে এসব মতামত যাতে কার্যকর ভূমিকা রাখে, সে কারণেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়েও মতামত দেন সাংবাদিকেরা। মুস্তাফিজ শফির ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের অনেকে মনে করেন, প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ও একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীভূত থাকা রাষ্ট্র ও জাতির জন্য ইতিবাচক হয়নি। অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে সংবিধান সংশোধনের সময় এ বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে আরও বলা হয়, সংবিধান সংশোধন জাতীয় ঐকমত্যের বিষয়। বিরোধী দল বিশেষ কমিটিতে না থাকায় তাদের মতামত এখনো পাওয়া যায়নি। এ কারণে তাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। কমিটির চেয়ারম্যান এ বিষয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আবারো গণভোট, জানুয়ারিতে সংবিধান সংশোধন