সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। একই সঙ্গে হামলার বিচার ও ছাত্রদল সভাপতির ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছেন তাঁরা।
বুধবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা
জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক
আজাহারুল ইসলাম তুহিন বিজ্ঞপ্তিটি পাঠান।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, গত ৪
অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হামলায় ক্যাম্পাসের চার সাংবাদিক গুরুতর
আহত হন। এ ঘটনায়
তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার
করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের
পক্ষ থেকে এ পর্যন্ত
নেওয়া ব্যবস্থাকে যথেষ্ট মনে করছে না
প্রেসক্লাব।
প্রেসক্লাব
জানায়, অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম
হাসিবকে সাময়িক বহিষ্কার করা হলেও ঘটনায়
প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত আহসান হাবীবের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক
ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে
১৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় এ ঘটনায়
অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন
এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে আহসান হাবীবের সনদ বাতিল, হাসিবুল
ইসলাম হাসিবকে স্থায়ীভাবে বহিষ্কার এবং অভিযোগের সত্যতা
ও অপরাধের মাত্রা বিবেচনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ
শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে
প্রেসক্লাব।
ভুল
বোঝাবুঝি মন্তব্যে আপত্তি
ছাত্রদল
সভাপতি সুলতান আহমেদ রাহীর বক্তব্যের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার
ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি নিজের
ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে
উল্লেখ করেছেন। প্রেসক্লাবের মতে, তাঁর এ
বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর
পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের দায় এড়িয়ে যাওয়ার
সুযোগ তৈরি করতে পারে।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, অভিযুক্তদের
বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া
হলেও ছাত্রদল সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে
প্রশ্ন রয়ে গেছে। এ
ছাড়া হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে সামাজিক
যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বারবার হুমকি দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব।
প্রেসক্লাবের
অভিযোগ, হামলার ঘটনায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা
নেওয়া হলেও ছাত্রদল সভাপতি
তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ
বা ক্ষমা চাননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করবেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা।