এশিয়ান গেমসে নারী ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
জাপানের নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত ম্যাচটি মাঠ ভেজা থাকায় শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করেন। তবে প্রতিবারই মাঠ খেলার উপযোগী না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণে সুপার ওভার আয়োজনের চেষ্টা করা হয়। সেটিও সম্ভব না হলে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়। সেই নিয়মেই চীনের বিপক্ষে সুবিধা পেয়েছে বাংলাদেশ।
বর্তমানে নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তারা সেমিফাইনালে উঠে যায়।
এদিকে আজ এশিয়ান গেমসে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকায় বাংলাদেশ সময় বেলা ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ।