সুন্দরবনের বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে র্যাবের এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুন্দরবনের বনদস্যু বাহিনী ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোনাব আলীর বিরুদ্ধে সুন্দরবনে মাছ আহরণে নিয়োজিত জেলে ও বাওয়ালীদের নির্যাতন, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।