পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’
সোমবার
সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের
নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে
আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ
তথ্য নিশ্চিত করেছেন।
মতবিনিময়কালে
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা
চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নবম শ্রেণি থেকেই
শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা
বাধ্যতামূলক করার ব্যবস্থা করা
হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব
শিক্ষার্থীদের
শারীরিক ও মানসিক বিকাশে
খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তারেক
রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে।
এ কর্মসূচিতে ছয়-সাতটি খেলা
থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী সেখান থেকে খেলা বেছে
নিতে পারবে।
প্রধানমন্ত্রী
বলেন, শুধু পড়াশোনা নয়,
খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে
হবে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে এ দুটি বিষয়ই
গুরুত্বপূর্ণ।
মাতৃভাষার পাশাপাশি শিখতে
হবে
আরও
একটি
ভাষা
শিক্ষার্থীদের
বহুভাষায় দক্ষ করে গড়ে
তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন
প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার
পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা
শিখতে হবে। এ জন্য
ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দ
অনুযায়ী ভাষা বেছে নেওয়ার
সুযোগ থাকবে।
প্রস্তাবিত
ভাষাগুলোর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন
ভাষা থাকবে বলে জানান তিনি।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান
ঢাকাকে
পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ
সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পরিবেশের
প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও
দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৃক্ষরোপণে
উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,
‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে।
বেশি বেশি গাছ লাগালে
পরিবেশ ভালো হবে। ভাবতে
পারো, পরিবেশ ভালো হলে আমার
কী লাভ? লাভ আমাদের
সবার।’
তিনি
আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই
প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি
মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার
মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দক্ষতা
অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং
সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।
এসব গুণের সমন্বয়েই তারা ভবিষ্যতে দেশ
ও সমাজের যোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে।
সংসদ
ভবন
পরিদর্শনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
এদিন
সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) আমন্ত্রণে দোহার
উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩
জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক
জাতীয় সংসদ ভবন পরিদর্শন
করেন।
এ
ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী
ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল
কলেজের নয়জন শিক্ষার্থী এ
পরিদর্শনে অংশ নেন। এ
সময় তাঁরা জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।
সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।