আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়নের দাবিকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে
উপজেলার ভুটিয়া উচ্চবিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা
বের করা হয়। জয়েনশাহী
আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আচিক মিচিক সোসাইটি,
জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, নাগরিক উদ্যোগ, বাগাছাস, কারিতাস ও বেলার উদ্যোগে
এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন
আদিবাসী সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে
অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন আদিবাসী
জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের
পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার এবং আর্থসামাজিক উন্নয়ন
নিয়ে কথা বলেন।
সভায় সভাপতিত্ব
করেন ইউজিন নকরেক। অজয় এ মৃ
আলোচনা সভার উদ্বোধন করেন।
বক্তব্য দেন আদিবাসী গবেষক
ও লেখক থিওফিল নকরেক,
আইনজীবী জনযেত্রা, অবসরপ্রাপ্ত জেলা জজ জগদিস
চন্দ্র বর্মণ, মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন এবং কারিতাসের আঞ্চলিক
পরিচালক রোজী রংমা।
বক্তারা বলেন,
আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের
পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ
নিশ্চিত করা প্রয়োজন। এ
জন্য সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন
স্তরের সমন্বিত উদ্যোগ দরকার।
তাঁরা বৈষম্যহীন
সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সাংবিধানিক অধিকার
নিশ্চিত করার ওপর গুরুত্ব
দেন।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।