তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। এতে দুই দেশের সীমান্তবাণিজ্য আবারও সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর
দুপুরে শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে দুই দেশের ব্যবসায়ীদের
যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়। সভায় কয়লা
ও পাথর আমদানি-রপ্তানি
কার্যক্রম পুনরায় চালু করা এবং
সীমান্তবাণিজ্য নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিলেট জেলা
পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন। এতে
ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিম
এবং বাংলাদেশের কয়লা ও পাথর
আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।
সভায় দুই দেশের
ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা
পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ওই
তালিকাভুক্ত সদস্যদের বাইরে অন্য কারও সঙ্গে
কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়ে
একমত হন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমদানি কার্যক্রম
পুনরায় চালুর পাশাপাশি সীমান্তবাণিজ্য সচল রাখতে দুই
দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে।
সভায় ভারতের ব্যবসায়ী
প্রতিনিধিদের মধ্যে আবু সালেহ মো.
ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন
দে, শিবাজী চৌধুরী ও রুহুল কুদ্দুছ
উপস্থিত ছিলেন। বাংলাদেশের আমদানিকারকদের মধ্যে ছিলেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ
আলম, জুয়েল আহমদ ও আবুল
হাসেমসহ অনেকে।