ভোরের আলো ফুটতেই পাহাড়ি বনের পথে যাত্রা শুরু হয় তাঁদের। কারও হাতে লম্বা বাঁশ, কারও কাঁধে ডিম রাখার ঝুড়ি। উদ্দেশ্য গাছের ডালে লাল পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে সংসার। শেরপুরের গারো পাহাড়ে এভাবেই জীবিকা নির্বাহ করছেন দুই থেকে তিন শতাধিক মানুষ।
শেরপুরের
নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার
সীমান্তবর্তী প্রায় ৪০ কিলোমিটার বনাঞ্চলজুড়ে
পাহাড়ি গ্রামগুলোতে বছরের তিন থেকে চার
মাস চলে লাল পিঁপড়ার
ডিম সংগ্রহের কাজ। এ সময়
পাহাড়ি এলাকায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম থাকায় অনেকের
কাছে এটি বাড়তি আয়ের
উৎস, আবার কারও পরিবারের
ভরণপোষণের প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর
পর্যন্ত বনের গভীরে কিংবা
উঁচু গাছে উঠে ডিম
সংগ্রহ করেন তাঁরা।
গারো
পাহাড়ের শাল, গজারি, মেহগনি,
আম ও লিচুসহ বিভিন্ন
গাছে বাসা বাঁধে একধরনের
বড় লাল পিঁপড়া। ডিম
সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা
লালা দিয়ে জোড়া লাগিয়ে
বাসা তৈরি করে পিঁপড়াগুলো।
পাতার ভাঁজে তৈরি সেই বাসার
ভেতরেই থাকে ডিম। আর
প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর
ডিম সংগ্রহ করেই জীবিকা নির্বাহ
করছেন পাহাড়ের অনেক অসচ্ছল পরিবারের
সদস্যরা।
রাংটিয়া
গ্রামের পিঁপড়ার ডিম সংগ্রহকারী সাকিব,
শামীম, শাহজাহান, জুলহাস ও রতন জানান,
লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের
ডাল থেকে পিঁপড়ার বাসা
ও ডিম সংগ্রহ করা
হয়। একটি বড় বাসা
থেকে প্রায় ১০০ থেকে ১৫০
গ্রাম ডিম পাওয়া যায়।
একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০
গ্রাম থেকে এক কেজি
পর্যন্ত ডিম সংগ্রহ করতে
পারেন।
রাংটিয়া
বউ বাজারে বসে এসব ডিমের
কেনাবেচা। সেখানে প্রতি কেজি ডিম বিক্রি
হয় ১ হাজার ২০০
থেকে ১ হাজার ৪০০
টাকায়। স্থানীয় পাইকারেরা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম
কিনে সেগুলো প্যাকেটজাত করেন। পরে কার্টনে ভরে
পাঠানো হয় ঢাকা, ময়মনসিংহসহ
দেশের বিভিন্ন শহরের দোকানে।
লাল
পিঁপড়ার ডিমের অন্যতম ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে
মাছ ধরার টোপ হিসেবে
এসব ডিমের চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়।
এ ছাড়া পোষা পাখির
খাবার হিসেবেও ব্যবহার করা হয় এসব
ডিম।
ডিম
সংগ্রহকারী অনন্ত সাহা বলেন, আগে
পাহাড়ে প্রচুর পিঁপড়ার ডিম পাওয়া যেত।
কিন্তু গাছপালা কমে যাওয়ায় এখন
বাসার সংখ্যাও কমেছে। তারপরও আয়ের আশায় বনের
ভেতর ডিম খুঁজে বেড়াতে
হয়। এ কাজ করে
যা পাওয়া যায়, তা দিয়েই
সংসার চালানোর চেষ্টা করেন তাঁরা।
আরেক
সংগ্রহকারী মহা কোচ বলেন,
পিঁপড়ার কামড়ে অনেক কষ্ট হয়।
কিন্তু আয়-রোজগার ও
পরিবারের কথা চিন্তা করে
সেই কষ্ট সহ্য করতে
হয়। এর বাইরে বনের
মধ্যে হাতি, সাপ ও মৌমাছির
আক্রমণের ভয় রয়েছে। উঁচু
গাছে উঠে ডিম সংগ্রহ
করতেও ঝুঁকি নিতে হয়।
স্থানীয়
ক্রেতা ইলিয়াস উদ্দীন বলেন, বাজার থেকে ডিম সংগ্রহ
করে প্যাকেটজাত করার পর রাজধানীসহ
দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বর্ষা ও
শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের
সরবরাহ বেশি থাকে। তখন
বিক্রিও ভালো হয়।
তবে জীবিকার এই উৎস নিয়ে উদ্বেগ রয়েছে বন বিভাগের। রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বনাঞ্চল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিঁপড়ার ডিম নষ্ট হওয়ার কারণে পাহাড়ে অতিথি পাখির আগমনও কমতে শুরু করেছে। এ কারণে তিনি সংগ্রহকারীদের পিঁপড়ার ডিম সংগ্রহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।