জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এ দিনের চেতনা ও গণআকাঙ্ক্ষা থেকে দেশকে বিচ্যুত করার কোনো চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
মঙ্গলবার জুলাই
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া
এক বাণীতে তিনি এসব কথা
বলেন।
নাহিদ ইসলাম
বলেন, বাংলা ভূখণ্ডের মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের ধারাবাহিকতার
প্রতীক ৫ আগস্ট। তিনি
পলাশীর যুদ্ধ, ফরায়েজি আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনাপ্রবাহের উল্লেখ করে বলেন, দীর্ঘ
লড়াইয়ের মধ্য দিয়ে দেশের
মানুষ স্বাধীনতা অর্জন করলেও প্রত্যাশিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
বাণীতে তিনি
অভিযোগ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের ধারাবাহিকতায়
কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর ঘটনা
থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের
সূত্রপাত ঘটে। ছাত্র, শ্রমিক,
শিক্ষক, আলেম, আইনজীবী, নারী, সাংবাদিক, প্রবাসী ও বিভিন্ন রাজনৈতিক
শক্তির অংশগ্রহণে ওই আন্দোলন সফল
হয় বলে উল্লেখ করেন
তিনি।
এনসিপির আহ্বায়ক
বলেন, বিপ্লবের দুই বছর পরও
সাধারণ মানুষের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। সরকারের দলীয়করণ, সংস্কারবিরোধী অবস্থান, ক্ষমতার কেন্দ্রীকরণ ও প্রশাসনিক অদক্ষতার
সমালোচনা করে তিনি গণভোটে
দেওয়া জনরায়ের ভিত্তিতে দ্রুত সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরও
বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে
রাষ্ট্রের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং
২০২৪ সালের ঘটনাসহ সব গণহত্যার বিচার
দ্রুত সম্পন্ন করতে হবে।
বাণীর শেষাংশে নাহিদ ইসলাম শহীদদের স্মরণ করে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।