ইসরায়েলের কাছে ২ দশমিক ৮ বিলিয়ন (২৮০ কোটি) মার্কিন ডলারের সামরিক অস্ত্র বিক্রির অর্থায়ন প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছেন মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জিন শ্যাহিন। একই অবস্থান নিয়ে প্রস্তাবিত অস্ত্র সরবরাহে বাধা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস।
এর
ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইসরায়েলকে অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়ে মার্কিন কংগ্রেসের
ভেতরের বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে।
মার্কিন
সংবাদমাধ্যম দ্য হিল ও
সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত
চুক্তির আওতায় ইসরায়েলকে প্রায় ৪০ হাজার শক্তিশালী
বোমা দেওয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিটি বোমার ওজন প্রায় এক
টন বা ২ হাজার
পাউন্ড। গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কায়
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন
এসব ভারী বোমার চালান
স্থগিত রেখেছিল।
সিনেটর
জিন শ্যাহিনের অভিযোগ, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধে এবং মার্কিন ডেমোক্র্যাট
আইনপ্রণেতাদের উদ্বেগ দূর করতে ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
সিরিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম
তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে
ফিলিস্তিনিদের ওপর বাড়তে থাকা
সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ
করেন।
মার্কিন
নিয়ম অনুযায়ী, বড় অঙ্কের অস্ত্র
বিক্রির ক্ষেত্রে সিনেটের ফরেন রিলেশনস কমিটি
এবং প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির
শীর্ষ সদস্যরা অনানুষ্ঠানিক স্থগিতাদেশ বা ভেটো দিতে
পারেন। অস্ত্র বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করার আগে সাধারণত
পররাষ্ট্র দপ্তরকে সংশ্লিষ্ট কমিটির আইনপ্রণেতাদের উদ্বেগের বিষয়টি সমাধান করে সম্মতি নিতে
হয়।
প্রতিনিধি
পরিষদের ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকসও
সম্প্রতি এক বিরল প্রকাশ্য
বিবৃতিতে বলেন, ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রাণঘাতী অস্ত্র
আন্তর্জাতিক মানবিক আইন ও মার্কিন
বিধি মেনে ব্যবহার করবে
কি না, তা নিয়ে
যথেষ্ট সন্দেহ রয়েছে।
সিএনএনকে
দেওয়া সাক্ষাৎকারে জিন শ্যাহিন বলেন,
ইসরায়েল যা করছে, তা
নিয়ে আমরা সবাই গভীরভাবে
উদ্বিগ্ন। গাজায় তারা যে ধ্বংসযজ্ঞ
চালাচ্ছে এবং সিরিয়ায় যেভাবে
বোমাবর্ষণ করছে তা মধ্যপ্রাচ্যের
সামগ্রিক শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।
নেতানিয়াহু
সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আরও স্পষ্ট অবস্থান
নেওয়ার আহ্বান জানিয়ে শ্যাহিন বলেন, নেতানিয়াহুকে আমেরিকার কাছ থেকে পরিষ্কার
শুনতে হবে যে, তিনি
যা করছেন তা আমরা কোনোভাবেই
সমর্থন করি না।
তিনি
আরও বলেন, পশ্চিম তীরে উগ্র বসতি
স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিরা নিহত ও বাস্তুচ্যুত
হচ্ছেন এবং অবকাঠামো ধ্বংস
হচ্ছে। তাঁর অভিযোগ, নেতানিয়াহু
সরকার এসব ঘটনা বন্ধে
কার্যকর পদক্ষেপ নেয়নি।
ফিলিস্তিনি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরে
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছেছে।
নিহতদের বড় অংশ নারী
ও শিশু।
এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আবারও ভারী মারণাস্ত্র সরবরাহের মার্কিন উদ্যোগ ওয়াশিংটনেই কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের আপত্তির মুখে পড়েছে।