রাজধানী ঢাকায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিতে নগরজীবনে শীতের অনুভূতি বেড়েছে। অনেককে শীতের পোশাক পরে বাইরে বের হতে দেখা গেছে।
রাজধানীর
মোহাম্মদপুর, ফার্মগেট, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায়
হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।
সকাল থেকে সূর্যের দেখা
মেলেনি। মেঘলা আকাশ ও বৃষ্টির
কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার
সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১
ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে
বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে
বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস
পর্যন্ত কমতে পারে। একই
সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। তবে এবার শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই রাজধানীর আবহাওয়ায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরবাসী শীতের উপস্থিতি টের পাচ্ছেন।