জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং অন্যান্য ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ
দিতে যাওয়ার সময় এ ঘটনা
ঘটে।
জকসুর প্রতিনিধিদের
দাবি, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর
কাছে হস্তান্তর, কেরাণীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের
সেবার উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরতে
তারা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের
চেষ্টা করেন। এ সময় তাদের
বাধা দেওয়া হয়। পরে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে
প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় এবং
তাদের ওপর হামলা চালানো
হয় বলে অভিযোগ করেন
তারা।
এ ঘটনায়
জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম,
সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস
মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি
শাহিন মিয়া ও সাধারণ
সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন
বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে
দেখা যায়, জকসুর প্রতিনিধিরা
মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক
মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। এ
সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট
স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ
এম রিফাত হাসানকে ধাক্কা দেওয়ার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
জকসুর সাধারণ
সম্পাদক আব্দুল আলিম আরিফ ফেসবুকে
দেওয়া এক পোস্টে অভিযোগ
করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের
অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
জকসুর ভিপি
রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরতে
গিয়ে তাদের ওপর হামলা চালানো
হয়েছে এবং প্ল্যাকার্ড ছিঁড়ে
ফেলা হয়েছে। তিনি ঘটনার বিচার
এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
প্রতিবেদন লেখা
পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। অডিটোরিয়ামের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছিলেন
জকসুর প্রতিনিধিরা।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।