ক্ষমতায় এসে বিএনপি সরকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ব্যবস্থা ফিরিয়ে এনেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি এই দুই শক্তির কারণে দেশের মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। তাঁদের কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাও নষ্ট হয়েছে।
আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে
নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে
শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায়
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
নাহিদ ইসলাম। শরীয়তপুর জেলা এনসিপি এ
সভার আয়োজন করে।
নাহিদ
ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী
লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে জয়লাভ
করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের এখন
নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ফলে
চাঁদাবাজ ও স্বৈরাচার একাকার
হয়ে গেছে। যে গণঅভ্যুত্থানের মধ্য
দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা
থেকে দলটি অনেক দূরে
সরে গেছে।
তিনি
বলেন, ‘আমরা লক্ষ করছি
বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি।
এই দুই শক্তির কারণে
বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না।
বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি
হয়েছিল, তা নষ্ট হয়েছে।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ
দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক
বলেন, ১ হাজার ২০০
টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১
হাজার ৮০০ টাকা করা
হয়েছে। অথচ ওই দামেও
সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একেকটি সিলিন্ডারের
দাম ২ হাজার ৬০০
টাকা পর্যন্ত উঠেছে বলে তিনি দাবি
করেন।
নাহিদ
ইসলামের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো হচ্ছে
এবং এই সিন্ডিকেট বিএনপি
নিয়ন্ত্রণ করছে।
স্থানীয় সরকার
নির্বাচনে অংশ
নেওয়ার আহ্বান
স্থানীয়
সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শরীয়তপুর বার নির্বাচন সম্পন্ন
হয়েছে। কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ
করেন তিনি। তবে স্থানীয় সরকার
নির্বাচনে এমন পরিস্থিতি হতে
দেওয়া হবে না বলে
মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
জুলাই
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের
পাশাপাশি দেশপ্রেমিক ও এলাকার উন্নয়নে
কাজ করতে আগ্রহীদের স্থানীয়
সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান
জানান তিনি। একই সঙ্গে স্বৈরাচার,
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত
থেকে দেশকে রক্ষায় এগিয়ে আসার কথা বলেন।
নাহিদ
ইসলাম প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘যারা রাতের ভোট
করেছে, তাদের পরিণতির কথা মনে রাখতে
হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া আবদুল্লাহ মো. হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন এবং সদস্যসচিব সবুজ তালুকদারসহ দলের অন্য নেতারা বক্তব্য দেন।